গৌরীপুরে বিএনপি নেতাকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ
ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এক বিএনপি নেতাকে মারধর ও মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার আব্দুল মান্নান তালুকদার গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য।
অভিযোগের তীর গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি কাজীয়েল হাজাত মুন্সী শাহীর দিকে। এ ঘটনায় আব্দুল মান্নান তালুকদার বাদী হয়ে বুধবার রাতে গৌরীপুর থানায় ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী আব্দুল মান্নান তালুকদার জানান, বুধবার দুপুরে তিনি অটোরিকশাযোগে শাহগঞ্জ বাজার থেকে ময়মনসিংহে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কৃষকদল নেতা কাজীয়েল হাজাত মুন্সী শাহী অটোরিকশা থামিয়ে তাঁকে নামিয়ে নেন। এরপর তাঁকে কিল-ঘুষি মেরে পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে জোরপূর্বক মাথা ন্যাড়া করে দেওয়া হয় এবং চোখের ভ্রু কেটে লাঞ্ছিত করা হয়।
আব্দুল মান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, বারবার জেল খেটেছি, কিন্তু নিজের দলের লোকের হাতে এমন নির্যাতনের শিকার হবো কখনো ভাবিনি। আমার অপরাধ ছিল আমি স্বতন্ত্র প্রার্থীর (ঘোড়া প্রতীক) নির্বাচন করেছিলাম।’
এদিকে ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। তবে অভিযোগ অস্বীকার করে কৃষকদল নেতা কাজীয়েল হাজাত মুন্সী শাহী বলেন, ‘আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। বিএনপির সুনাম নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’
ময়মনসিংহ-৩ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments