মাদারীপুরের ডাসার উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ম্যালকাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘ইমরান পরিবহন’-এর একটি বাস ম্যালকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাসের সঙ্গে ইমরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই একটি বাসের দুই যাত্রী প্রাণ হারান। এতে দুই বাসের অন্তত ২০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন।
খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments