জামিনে মুক্তির কয়েক মাসের মাথায় আবারও গ্রেপ্তার হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও নিজ এলাকায় ভোট দিতে বগুড়ায় যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। বুধবার সকালে বগুড়া শহর থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশ।
থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, আদালতের নির্দেশে জারি করা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, বগুড়া–এর বিচারক আনোয়ারুল হক শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় এবং তাকে জোরপূর্বক গর্ভপাত করানো হয়।
অভিযোগ অস্বীকার করে হিরো আলম দাবি করেন, মামলাটি ‘ভুয়া’। তার ভাষ্য, ভোট দেওয়া তার নাগরিক অধিকার এবং নির্বাচনের পর আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা ছিল।
উল্লেখ্য, গত বছরের ২১ এপ্রিল ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে এক সাক্ষাৎকারে হিরো আলম জানান, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে তার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা এনসিপির মনোনয়ন চাইতে পারেন বলেও ইঙ্গিত দেন।
মানবকণ্ঠ/আরআই




Comments