নারী নেতৃত্বের বিরোধিতার দায়ে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার এবং সংগঠনটির সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সচেতন নাগরিক সমাজ’-এর আহ্বায়ক হিসেবে রয়েছেন নীলা ইসরাফিল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন রোবাইয়াত ফাতিমা তনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠির বিষয়বস্তু পাঠ করে শোনান তনি।
লিখিত বক্তব্যে তনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে প্রকাশ্যেই বলেছেন যে, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান বা বিচার বিভাগের প্রধান হতে পারবেন না। জামায়াতের এই অবস্থান বাংলাদেশের সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী, যা নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দেয়। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে তাদের নিবন্ধন বাতিলযোগ্য।
রোবাইয়াত ফাতিমা তনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ অস্বীকার করা একটি অসাংবিধানিক ও চরমপন্থী আদর্শ। নারীর সম্মান ও অধিকার নিয়ে কোনো রাজনৈতিক আপস হতে পারে না।
সংগঠনটির পক্ষ থেকে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়:
১. জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ।
২. নারীবিদ্বেষী ও অবমাননাকর বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার নিশ্চিত করা এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা।
৩. নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে কঠোর আইনগত অবস্থান নিশ্চিত করা।
মানবকণ্ঠ/আরআই




Comments