ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল স্টেশন ও চলন্ত ট্রেনে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া মেট্রোরেলের স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স, প্রবেশ ও বহির্গমন পথ এবং চলন্ত ট্রেনে ভিডিও বা ফটোগ্রাফি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নির্দেশনার আওতায় ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে শর্ট ভিডিও, লাইভ স্ট্রিমিং বা বাণিজ্যিক/ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
ডিএমটিসিএল জানিয়েছে, অনুমতি ছাড়া কেউ এসব কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং করতে চাইলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুযায়ী আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি দিয়ে অনুমতি নিতে হবে।
কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের ফলে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, প্ল্যাটফরমে শৃঙ্খলা বজায় থাকবে এবং নিরাপত্তা আরও নিশ্চিত হবে। স্টেশনগুলোতে নজরদারি ও নিরাপত্তাকর্মীদের কার্যক্রমও জোরদার করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments