Image description

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আলু ক্ষেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে মোস্তাকিম (৭) নামে এক শিশুর হাতের আঙুল ছিন্নভিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার একটি আলু জমিতে এই দুর্ঘটনা ঘটে।

আহত মোস্তাকিম ওই গ্রামের আল আমিনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

আহত শিশুর পিতা আল আমিন জানান, দুপুরে বাড়ির পাশে বিলে আলু ক্ষেতের মধ্যে খেলা করছিল মোস্তাকিম। এসময় সেখানে পড়ে থাকা একটি পরিত্যক্ত ককটেল সে হাতে তুলে নিলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে পরিবারের সদস্যরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এস এম ফেরদৌস হাসান জানান, ককটেল বিস্ফোরণে শিশুটির ডান হাতের সবকয়টি আঙুল প্রায় বিচ্ছিন্ন ও ছিন্নভিন্ন হয়ে গেছে। এছাড়া তার ডান পায়েও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আলু ক্ষেতে এই বিস্ফোরক ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর