Image description

আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত সংঘাত ও সামরিক উত্তেজনা আলোচনার মাধ্যমে নিরসন করতে চায়। তবে পাকিস্তান যদি যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ বেছে নেয়, তবে আফগানিস্তানও পিছিয়ে থাকবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বার্তা দেন। মুজাহিদ বলেন, "আমরা বরাবরই শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে এসেছি এবং এখনও আলোচনার মাধ্যমেই এই লড়াইয়ের অবসান চাই। তবে পাকিস্তান কখনোই আলোচনায় আগ্রহী ছিল না।"

সম্প্রতি পাকিস্তানের সামরিক স্থাপনায় আফগান বাহিনীর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছি। এর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে।"

আফগান আকাশসীমায় পাকিস্তানের গোয়েন্দা বিমানের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে মুজাহিদ বলেন, এই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির জন্য মূলত পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশই দায়ী।

উল্লেখ্য, পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগান তালেবান সরকার সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) মদদ দিচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে গত রোববার আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালায় পাকিস্তান। এর পাল্টা জবাব হিসেবে গতরাতে পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী।

টিটিপি ইস্যুকে পাকিস্তানের নিছক একটি 'অজুহাত' হিসেবে আখ্যায়িত করে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, এই অজুহাত কাজে লাগিয়ে পাকিস্তান পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। পাকিস্তানের যেকোনো আগ্রাসন বা ‘শয়তানি’র উপযুক্ত জবাব দেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

এছাড়া ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্কের বিষয়টি উল্লেখ করে তালেবানের এই মুখপাত্র স্পষ্ট করেন যে, ভারতের সঙ্গে তাদের সম্পর্ককে কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে না।

সূত্র: তোলো নিউজ

মানবকণ্ঠ/আরআই