নরসিংদীতে কিশোরী আমেনাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার সাত আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ মার্চ) দুপুরে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবদী থানার ওসি (তদন্ত) মো. ওমর কাইয়ুম জানান, গ্রেপ্তারকৃত সাত আসামিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছিল। আদালত শুনানি শেষে প্রত্যেকের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আদালত প্রাঙ্গণে বাদীর পক্ষে আইনজীবীরা উপস্থিত থাকলেও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়েননি।
পুলিশ জানায়, প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা ও তার সহযোগী হযরত আলী ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ গত শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে গাজীপুরের মাওনা এবং ময়মনসিংহের গৌরীপুর থেকে তাদের গ্রেপ্তার করে। এই মামলায় মোট ৯ জন আসামির মধ্যে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার) রাতে বাবার সামনে থেকেই নূরা ও তার সহযোগীরা আমেনাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ওড়না পেঁচানো অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, "এই জঘন্যতম অপরাধের বিচার নিশ্চিত করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো আইনজীবী আসামিপক্ষে দাঁড়াবে না। আমরা চাই পুলিশ দ্রুত চার্জশিট জমা দিক এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হোক।"
মাধবদী থানা পুলিশ জানিয়েছে, মামলার বাকি দুই পলাতক আসামিকে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments