খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ খাঁন হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদ একজন বহিষ্কৃত ছাত্রদল নেতা।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অভিযানে দিঘলিয়া থানা পুলিশ কারিগরি ও মাঠ পর্যায়ে সহযোগিতা প্রদান করে।
পুলিশ সূত্রে জানা গেছে, যুবদল নেতা মুরাদ খাঁন হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান অভিযুক্ত সাজ্জাদ পলাতক ছিলেন। দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ এই বিশেষ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত আসামিকে বর্তমানে ঢাকা থেকে খুলনায় নিয়ে আসা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments