স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, "ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামোর আধুনিকায়ন ও উন্নয়নে আমরা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।"
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পে ভারতের কারিগরি ও কৌশলগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের উন্নয়ন অংশীদারিত্বের নতুন ক্ষেত্রগুলো নিয়েও আলোকপাত করা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments