মাদক, অবৈধ মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য—এখানে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
মঙ্গলবার (৩ মার্চ) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, “গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে। এতে বাঁধ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর বন্যায় ফসল ও ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, যা মেরামতে সরকারকে কোটি কোটি টাকা ব্যয় করতে হয়। সামান্য কয়েকজন মানুষের স্বার্থের কারণে সাধারণ মানুষ ও সরকার দুর্ভোগ পোহাচ্ছে।”
ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, দুই একর জায়গা থেকে টপসয়েল কাটলে তার প্রভাব আশপাশের ১০-১৫ একর জমির ওপর পড়ে। সাময়িক লাভের জন্য আমরা কৃষির অপূরণীয় ক্ষতি করছি। এলাকায় থাকা ২২টি ইটভাটার অধিকাংশেরই লাইসেন্স নেই উল্লেখ করে তিনি বলেন, যারা নিয়ম মেনে ও ট্যাক্স দিয়ে ব্যবসা করছেন, তারা ছাড়া বাকিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তাই আমার জবাবদিহিতা জনগণের কাছে; কোনো প্রভাবশালী গোষ্ঠী বা ব্যবসায়ীদের কাছে নয়।”
দীর্ঘ ৩৩ বছর ধরে সামাজিক কার্যক্রম চালিয়ে আসায় মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রশংসা করে তিনি প্রতিটি গ্রামে এমন স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। তিনি মনে করেন, তরুণদের সৃজনশীল কাজে যুক্ত করতে পারলে মাদক ও সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে।
পরিষদের সভাপতি সোলাইমান কবির মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম এবং মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠান শেষে এলাকার প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments