বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসে কর্মরত এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (০৩ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯:৩০ মিনিটে উপজেলার ইচলাদী শেখের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত মন্ডল (২৪) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একজন ফায়ার ফাইটার (আইডি নং: এফ-০০১৩৫২৯)।
তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপধর গ্রামের পলিন মন্ডলের ছেলে। তার মায়ের নাম বিউটি রানী।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানান, ফায়ার ফাইটার প্রান্ত মন্ডল নিজের মোটর সাইকেলে পাথরঘাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন পথিমধ্যে উজিরপুরের ইচলাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের একটি অজ্ঞাতনামা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি দ্রুত ঢাকা অভিমুখে পালিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক যানবাহন শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




Comments