Image description

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত দুই নেতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ১১টার দিকে রাজধানীতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসূফ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বৈঠকে দ্বিপক্ষীয় রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন পল কাপুর। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে রাতে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

গত মঙ্গলবার (৩ মার্চ) তিন দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান পল কাপুর। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর এটিই কোনো উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার প্রথম ঢাকা সফর। সংশ্লিষ্টদের মতে, ঢাকা-ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক জোরদার এবং ব্যবসা, বাণিজ্য, প্রতিরক্ষা ও ভিসা সংক্রান্ত অমীমাংসিত ইস্যুগুলো এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) চুক্তি বাস্তবায়নের বিষয়ে নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ বার্তা থাকতে পারে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় জানান, পল কাপুরের এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও সুসংহত করা। সফরকালে তিনি সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে বিনিয়োগ সম্প্রসারণ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করছেন।

মানবকণ্ঠ/ডিআর