কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক উল্টে চালক নিহত
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক উল্টে গিয়ে মো. আজিজুল ইসলাম (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চন্দ্রঘোনা-বাঙালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আজিজুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই করে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৭-৭১৫৫) বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রাইখালীর কারিগর পাড়া এলাকার একটি পাহাড়ি উঁচু রাস্তায় ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক আজিজুল ইসলাম প্রাণ হারান।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পাহাড়ি ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments