জুলাই বিপ্লবের চেতনা ও প্রস্তাবনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, "আমরা জুলাই সনদের আংশিক কোনো সমাধান নয়, বরং পুরো প্যাকেজ চাই। জুলাই প্রস্তাবের ভিত্তিতে বিরোধীদলের যেটুকু প্রাপ্য, সেটুকুই আমরা দাবি করছি।"
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলায় বিরোধীদলীয় সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সংসদে বিরোধীদলের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, "আমরা একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে কাজ করতে চাই। সরকার যদি কোনো ভুল করে, আমরা গঠনমূলক পরামর্শ দেব। তবে প্রয়োজনে জনগণের স্বার্থে রাজপথে প্রতিবাদ জানাতেও দ্বিধা করব না।" তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধীদলের কণ্ঠ রোধ না করে তাদের ন্যায্য সুযোগ দেওয়া সরকারের দায়িত্ব।
সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, "আসুন, জুলাই বিপ্লবকে সম্মান জানিয়ে আমরা সবাই মিলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিই।" তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার ইনসাফ কায়েম করবেন এবং বিরোধীদলকে সংসদে কথা বলার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ দেবেন।
সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর জামায়াতের অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি কৌশলী উত্তর দেন। শফিকুর রহমান বলেন, "আমাদের অবস্থান সময়মতো জাতি দেখতে পাবে। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আমাদের বক্তব্য তুলে ধরব।"
সংসদীয় দলের এই সভায় বিরোধীদলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন এবং আগামী অধিবেশনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments