Image description

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে স্পিকারের চেয়ার খালি রেখেই আগামীকাল শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা বসছেন, সেই চূড়ান্ত সিদ্ধান্তের ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

চিফ হুইপ জানান, আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। যেহেতু বর্তমানে কোনো স্পিকার নেই, তাই শুরুর সময় স্পিকারের আসনটি খালি থাকবে। নিয়ম অনুযায়ী, শুরুতে একজন সদস্য পবিত্র কুরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা তারেক রহমান অধিবেশনটি সাময়িকভাবে পরিচালনার জন্য একজন জ্যেষ্ঠ সদস্যের নাম প্রস্তাব করবেন এবং অন্য একজন সদস্য তা সমর্থন করবেন। মনোনীত ওই সদস্যের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম চলবে।

নির্বাচন শেষে অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি রাখা হবে। এ সময়ে বঙ্গভবনে নবনির্বাচিত স্পিকারকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণ শেষে নতুন স্পিকারের সভাপতিত্বে পুনরায় অধিবেশন শুরু হবে এবং ডেপুটি স্পিকার নির্বাচন ও অন্যান্য সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে।

সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। এগুলো যাচাই-বাছাই করতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি ‘বিশেষ কমিটি’ গঠন করা হবে। সংবিধান অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন শুরুর ৩০ কার্যদিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করার বাধ্যবাধকতা রয়েছে; অন্যথায় এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, "স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে আমরা আমাদের সংসদ নেতাকে পূর্ণ দায়িত্ব দিয়েছি। তিনি যা সিদ্ধান্ত দেবেন, তা আগামীকালই আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারব।" সংসদীয় দলের এই সিদ্ধান্তে দলের ২০৯ জন সংসদ সদস্য একাত্মতা পোষণ করেছেন।

মানবকণ্ঠ/আরআই