দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির সুবাতাস বইয়ে দিচ্ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনেই দেশে রেকর্ড ১৭৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (১.৭৩ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৭ কোটি ৩৮ লাখ ডলার।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে (১-১০ মার্চ) রেমিট্যান্স এসেছিল ১১৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বিশাল প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৪১৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ২০ শতাংশ বেশি।
চলতি বছরের শুরু থেকেই রেমিট্যান্সের উচ্চপ্রবাহ বজায় রয়েছে। গত জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়। এরপর ফেব্রুয়ারিতেও ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলারের বড় অংকের রেমিট্যান্স পায় বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রয়েছে মার্চ মাসেও।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দামের সমন্বয় এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির ফলে বৈধ পথে রেমিট্যান্স আসার পরিমাণ বেড়েছে। পবিত্র ঈদুল ফিতর সামনে থাকায় মাসের বাকি দিনগুলোতে রেমিট্যান্স আসার গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে।
মানবকণ্ঠ/আরআই




Comments