Image description

রংপুরের তারাগঞ্জে ডালিয়া ক্যানেলের পানিতে ডুবে সুবহান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সুবহান উপজেলার ইকরচালি ইউনিয়নের জলুবার গ্রামের জাহিদুলের ছেলে। সে দৌলতপুর গ্রামে নানার বাড়িতে ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর বাবা জাহিদুল প্রতিদিনের মতো জীবিকার তাগিদে সকালে খিয়ারজুম্মা এলাকার একটি ইটভাটায় কাজে যান। শিশুটির মা শিমু বেগম বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। দুপুর ১২টার পর থেকে সুবহানকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মা শিমু বেগম প্রতিবেশী ও স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। পরবর্তীতে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের ডালিয়া ক্যানেলের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

গ্রামবাসীরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবহানকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর নানা এনামুল হোসেন জানান, মা যখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন, তখন শিশুটি সবার অগোচরে বাড়ির বাইরে খেলতে গিয়ে ক্যানেলের পানিতে পড়ে যায়। ইটভাটায় কাজ করতে থাকা অবস্থায় সন্তানের এই মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পানিতে পড়ে একটি শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মানবকণ্ঠ/ডিআর