জাতীয় গ্রিডে ত্রুটি
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট বন্ধে ৫৭০ মেগাওয়াট ঘাটতি
জাতীয় গ্রিড লাইনে আকস্মিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে শুক্রবার (১৩ মার্চ) দুপুর থেকে জাতীয় গ্রিডে মোট ৫৭০ মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ হ্রাস পেয়েছে, যার ফলে বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়া ইউনিট দুটি হলো ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ‘ইউনিট ইস্ট’ এবং ৪৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ‘ইউনিট নর্থ’।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাঈদ একরামুল্লাহ জানান, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে আশুগঞ্জ-ভুলতা জাতীয় গ্রিড লাইনে হঠাৎ ত্রুটি দেখা দিলে লাইনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে ‘ইউনিট ইস্ট’ থেকে জাতীয় গ্রিডে সরবরাহরত ২৫০ মেগাওয়াট এবং ‘ইউনিট নর্থ’ থেকে সরবরাহরত ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে তাৎক্ষণিকভাবে ৫৭০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে।
এপিএসসিএলের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহাম্মদ আব্দুল মজিদ জানান, ত্রুটি সারিয়ে ইউনিটগুলো পুনরায় চালুর লক্ষ্যে কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। প্রয়োজনীয় সিগন্যাল পাওয়া মাত্রই ‘ইউনিট নর্থ’ দ্রুত চালু করা সম্ভব হবে। তবে ‘ইউনিট ইস্ট’ পুরোপুরি উৎপাদনে ফিরতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বর্তমান মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ১,৫৮০ থেকে ১,৬০০ মেগাওয়াট। তবে গ্যাসের অপর্যাপ্ত সরবরাহের কারণে সাধারণত কেন্দ্রটি থেকে ১,২০০ থেকে ১,৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর মধ্যে একযোগে বড় দুটি ইউনিট বন্ধ হওয়ায় জাতীয় গ্রিডে বড় ধরনের প্রভাব পড়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments