Image description

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো এক শক্তিশালী বোমা হামলায় অন্তত ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) প্রদেশের লাক্কি মারওয়াত জেলার বেট্টানি উপজাতীয় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, পুলিশের একটি চলন্ত গাড়ির খুব কাছে ওত পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন পুলিশ সদস্য প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে দ্রুত নিকটবর্তী ইনসাফউদ্দিন হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সশস্ত্র হামলা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

এসব হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে ‘অপারেশন গজব লিল-হক’ নামক বিশেষ সামরিক অভিযান শুরু করে। পাকিস্তানি বাহিনীর দাবি, এই অভিযানে সীমান্ত এলাকা ও প্রতিবেশী দেশের ভেতরে চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৪১ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো জানায়, সম্প্রতি আফগানিস্তানের নানগারহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়ে আরও ৮০ জনের বেশি ‘সন্ত্রাসী’ নির্মূল করা হয়েছে।

তবে পাকিস্তানের এই সাঁড়াশি অভিযান ও বিমান হামলার পরও খাইবার পাখতুনখোয়ায় অস্থিরতা কমেনি। ওই অঞ্চলে প্রায় প্রতিদিনই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলো।

মানবকণ্ঠ/ডিআর