রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে ইয়াসির আব্বাস। শুক্রবার (১৩ মার্চ) বাবার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে গিয়ে তিনি সবার কাছে এই দোয়া কামনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়ে ইয়াসির আব্বাস বলেন, "সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন জায়গায় অনেক রকম কথা ছড়াচ্ছে, পরিস্থিতি আসলে সে রকম কিছু নয়। মূলত বয়স, অতিরিক্ত কাজের চাপ এবং রোজা রাখার কারণে বাবা কিছুটা মানসিক ও শারীরিক চাপের (স্ট্রেস) মধ্যে পড়ে গিয়েছিলেন। তবে আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় তিনি এখন অনেকটাই ভালো আছেন। আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন।"
তিনি আরও জানান, মির্জা আব্বাস নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সার্জারির আগেও তিনি সবার খোঁজখবর নিচ্ছিলেন।
কীভাবে অসুস্থ হয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাসের ছেলে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, "আমরা ইফতার করে মাগরিবের নামাজ পড়তে দাঁড়াই। নামাজের দ্বিতীয় রাকাতে গিয়ে বাবার প্রচণ্ড মাথাব্যথা শুরু হয়। তখন নামাজ ছেড়ে আমরা তাঁকে ধরে ফেলি। তিনি প্রথমে হাসপাতালে আসতে চাচ্ছিলেন না, কিন্তু মাথাব্যথার তীব্রতা খুব বেশি থাকায় আমরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নিই।"
মানবকণ্ঠ/আরআই




Comments