Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকানসহ চারটি যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী আম্বারাবার দোকান এলাকায় এই ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ব্যবসায়ী নুরুল হুদার মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে এবং পাশে গ্যারেজ করে রাখা যানবাহনগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি মুদি দোকান, একটি সিএনজিচালিত অটোরিকশা ও তিনটি ব্যাটারিচালিত রিকশা সম্পূর্ণ ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—ব্যবসায়ী নুরুল হুদা, সিএনজিচালক পলাশ এবং ব্যাটারিচালিত রিকশাচালক নুরছাপা, কামরুল ইসলাম ও জামাল উদ্দিন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরুল হুদা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তিনি দোকানে নতুন মালামাল তুলেছিলেন। এছাড়া দোকানটি তৈরিতে তার ৭ লাখ টাকা খরচ হয়েছিল। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা এই ব্যবসায়ী এখন পথে বসার উপক্রম। তার একারই প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, সিএনজিচালক পলাশ তার জমি বিক্রি করে গাড়িটি কিনেছিলেন। বাকি তিন রিকশাচালকও এনজিও থেকে ঋণ নিয়ে রিকশা কিনে জীবিকা নির্বাহ করতেন। এই অগ্নিকাণ্ডে তাদের উপার্জনের একমাত্র সম্বলটুকু হারিয়ে তারা এখন দিশেহারা।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকান ও পাশে থাকা চারটি গাড়ি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর