Image description

ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে দেশব্যাপী শুরু হওয়া সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রাজশাহীর পবায় বারনাই নদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানur রহমান মিনু।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এখন থেকে প্রতি শনিবার এমপি ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী, খাল-বিলসহ অপরিষ্কার স্থানগুলো পরিষ্কার করার কাজ তদারকি করবেন। এই কার্যক্রমের জন্য কোনো আনুষ্ঠানিকতা বা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই; আমাদের মূল লক্ষ্য কাজ করা এবং মশার প্রজননক্ষেত্র নির্মূল করা।"

ভূমিমন্ত্রী আরও বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। সেই একই অনুপ্রেরণায় বর্তমান সরকার জনস্বাস্থ্য রক্ষায় এই পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।"

অনুষ্ঠানে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, "দীর্ঘদিনের অবহেলায় ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হওয়া স্থানগুলো পরিষ্কার করতে আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে এডিস মশার প্রজননক্ষেত্রগুলো ধ্বংস করা এখন সময়ের দাবি।"

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার নাঈমুল হাছানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি দেশের প্রতিটি এলাকায় জনপ্রতিনিধিদের নেতৃত্বে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে মশার প্রজনন বন্ধ করে ডেঙ্গু প্রতিরোধ এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর