Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে এক ঘুমন্ত যুবকের ওপর চাপাতি দিয়ে নৃশংস হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বাড়িতে রাত যাপনের অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, রসুল্লাবাদ গ্রামের কাদির ব্যাপারী বাড়ির মৃত অবিদ মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৫) গত শুক্রবার (১৩ মার্চ) সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী নাজিম মিয়া (৩০) ঘরে প্রবেশ করে ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

ভুক্তভোগীর মা ও মামলার বাদী কোহিনূর বেগম জানান, ঘটনার আগের রাতে অটোরিকশাচালক নাজিম মিয়া তাদের বাড়িতে রাত যাপন করার অনুমতি চেয়েছিল। কিন্তু মোশাররফ তাতে রাজি না হওয়ায় নাজিম তার ওপর ক্ষুব্ধ হয়। এরই জেরে পরদিন সকালে সুযোগ বুঝে ঘুমন্ত অবস্থায় মোশাররফের ওপর এই বর্বরোচিত হামলা চালায় সে।

হামলায় গুরুতর আহত মোশাররফকে প্রথমে স্থানীয় আহাম্মদ আলী পঙ্গু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

এ ঘটনায় শনিবার (১৪ মার্চ) ভুক্তভোগীর মা কোহিনূর বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-০৯)। মামলায় গৃহে অনধিকার প্রবেশ ও হত্যার উদ্দেশ্যে জখম করার অভিযোগে নাজিম মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত নাজিম মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

মানবকণ্ঠ/ডিআর