Image description

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে পাষণ্ড ছেলের লাঠির আঘাতে বাবা আক্কাস আলী মন্ডল (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। পুলিশ ঘাতক ছেলে গোলাপ মন্ডলকে (৩০) আটক করেছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী ওই গ্রামের মৃত মূলতান মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ছেলে গোলাপ মন্ডল তার বাবার কাছে কিছু টাকা দাবি করেন। টাকা দেওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাপ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় আক্কাস আলীকে বাঁচাতে তার স্ত্রী ও মেয়ে এগিয়ে এলে গোলাপ তাদেরও পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত করেন।

পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত মা ও মেয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে থাকায় তারা ফিরলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর