হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি বাজারে পুলিশের হাতকড়া পরা অবস্থায় রুবেল চৌধুরী (২৭) নামের এক আসামি পালিয়ে গেছেন।
শনিবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে মুড়াকরি বাজারে আসামির নিজস্ব কাপড়ের দোকানে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পলাতক রুবেল চৌধুরী উপজেলার ২ নং মুড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামের সেনু চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলার প্রেক্ষিতে রুবেল চৌধুরীকে গ্রেপ্তার করতে তদন্তকারী কর্মকর্তা তার দোকানে অভিযানে যান। পুলিশ তাকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পরায়। এসময় দোকান বন্ধ করার অজুহাতে সে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়।
প্রকাশ্য দিবালোকে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই পলাতক রুবেলকে পুনরায় গ্রেপ্তার করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল হক মুন্সী এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল অভিযানে অংশ নিয়েছে।
পুলিশ পুরো বাজার ও সম্ভাব্য সকল স্থানে তল্লাশি চালাচ্ছে। লাখাই থানার ওসি জাহিদুল হক জানান, আসামিকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments