পটুয়াখালীর বাউফলে জাটকা সংরক্ষণে মাছ ধরায় নিষেধাজ্ঞার ১৫ দিন (শনিবার, ১৫ মার্চ) পার হয়ে গেলেও ৬ হাজার জেলের ভাগ্যে জোটেনি সরকারি খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল। যথাসময়ে চাল না পাওয়ায় পবিত্র রমজান মাসে পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গাফিলতির কারণেই এই সংকট তৈরি হয়েছে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ছয়টি ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ। বাউফল ও দশমিনা উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এ সময় কর্মহীন হয়ে পড়া নিবন্ধিত জেলে পরিবারের জন্য সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে দুই মাসে মোট ৮০ কেজি চাল বরাদ্দ দিয়েছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যান ও প্রশাসকদের অনুকূলে চাল উত্তোলনের ছাড়পত্র প্রদান করে। নিয়ম অনুযায়ী, জনপ্রতিনিধিরা সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করে দ্রুত জেলেদের মাঝে বিতরণ করার কথা থাকলেও পাক্ষিক সময় পার হলেও তা বাস্তবায়ন হয়নি।
সরেজমিনে বিভিন্ন জেলে পল্লীতে গিয়ে দেখা যায়, আয়-রোজগার বন্ধ থাকায় জেলেরা মানবেতর দিন কাটাচ্ছেন। চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলে মাহবুব বেপারী বলেন, “নদীতে মাছ ধরা বন্ধ থাকায় অনেক কষ্টে আছি। রোজার মাসে ধার-দেনা করে চলতে হচ্ছে। চেয়ারম্যানকে চালের কথা বললে তিনি বলেন ঈদের পর দেবেন।” কালাইয়া ইউনিয়নের জেলে জামাল হাওলাদার আক্ষেপ করে বলেন, “মাছ ধরাই আমাদের একমাত্র আয়ের উৎস। চাল না পাওয়ায় কতটা কষ্টে আছি তা কাউকে বোঝাতে পারছি না। মেম্বার-চেয়ারম্যানরা শুধু সবুর করতে বলেন।”
অনিয়মের বিষয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল বশার মৃধা বলেন, “ট্রলার সংকটের কারণে খাদ্যগুদাম থেকে সময়মতো চাল আনতে পারিনি। ঈদের পর এগুলো বিতরণ করা হবে।” অন্যদিকে, কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার জানান, ১০ টাকা কেজি দরের চাল বিতরণের কাজ চলায় জেলেদের চাল বিতরণে কিছুটা বিলম্ব হচ্ছে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ বলেন, “জেলেদের চাল দ্রুত বিতরণের জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্যই ঈদের আগেই চাল বিতরণ সম্পন্ন করতে হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments