মুন্সীগঞ্জের মেঘনা নদীর শাখা রজতরেখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি এলাকার গুদারাঘাট সংলগ্ন নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবির হোসেন মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি সদর উপজেলার সৈয়দপুর এলাকার মো. আকতার হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, গত রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে আবির তাঁর তিন বন্ধুর সঙ্গে রজতরেখা নদীতে গোসল করতে নামেন। এ সময় চার বন্ধু একসঙ্গে নদীতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, কিন্তু আবির পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার বিকেল থেকেই উদ্ধার অভিযান শুরু করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে দীর্ঘ তল্লাশির পর নদীটির প্রায় ২০ ফুট গভীর থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে। সহপাঠী ও স্বজনদের কান্নায় ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments