Image description

নজিরবিহীন নাটকীয়তা আর তিন দিনের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল। পুনরায় ভোট গণনা শেষে ঘোষিত ফলে সভাপতি পদে মোহাম্মদ মফিজুর রহমান বাবুল এবং সাধারণ সম্পাদক পদে এ কে মো. আবদুল হাই নির্বাচিত হয়েছেন। জয়ী দুই শীর্ষ নেতাই আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী।

রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মালেক।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সন্ধ্যার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভোট গণনার মাঝপথে সহ-সভাপতি পদের এক প্রার্থী ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার বিষয়ে অভিযোগ তোলেন। পরবর্তীতে বিএনপি সমর্থিত প্রার্থীদের মৌখিক অভিযোগ ও উত্তেজনার মুখে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই রাতে প্রায় দুই শতাধিক ভোট গণনার পর কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছিল। অবশেষে তিন দিন পর কঠোর নিরাপত্তার মধ্যে পুনরায় ভোট গণনা শেষে এই ফলাফল প্রকাশ করা হলো।

নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী, সভাপতি পদে মোহাম্মদ মফিজুর রহমান বাবুল ৩৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিএনপি সমর্থিত) আবদুর রহমান পেয়েছেন ৩১২ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে এ কে মো. আবদুল হাই ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান মঞ্জু পেয়েছেন ২১৫ ভোট।

সমিতির ১৫টি পদের মধ্যে অন্যান্য বিজয়ীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ কবীর ফারুক, সহ-সভাপতি মো. আবদুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. জাকির হোসাইন (অনিক), পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক মো. জসিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সালেহ মোহাম্মদ ফাহাদ, কল্যাণ ও সংস্কৃতি সম্পাদক মো. রাকিব হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মৎ আফরোজা বেগম এবং অডিটর মোহাম্মদ আল মামুন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. ফোরকান উদ্দিন (১ম), মো. রেজাউল করিম (২য়), মোহাম্মদুল্লাহ (৩য়) এবং মো. আল আমিন (৪র্থ)।

আইনজীবী সমিতির এই নির্বাচনে মোট ৬৮৯ জন ভোটারের মধ্যে ৬৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। দীর্ঘ টালবাহানা ও স্থগিতাদেশ কাটিয়ে গভীর রাতে ঘোষিত এই ফলাফলকে কেন্দ্র করে জয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উল্লাস দেখা গেছে। তবে পরাজিত প্রার্থীরা ভোট গণনায় অস্বচ্ছতার বিষয়ে পূর্বের অভিযোগেই অটল রয়েছেন।

মানবকণ্ঠ/আরআই