পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) শেষ হচ্ছে রেলওয়ের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আজ অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ২৯ মার্চের আন্তঃনগর ট্রেনের আসন।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের দুর্ভোগ কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বিক্রয় প্রক্রিয়ায় চাপ কমাতে রেলওয়েকে দুই অঞ্চলে ভাগ করে টিকিট ছাড়া হচ্ছে। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাবে আজ দুপুর ২টা থেকে।
এর আগে গত ১৩ মার্চ থেকে ধাপে ধাপে ২৩ মার্চ থেকে ২৮ মার্চের অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
টিকিট ক্রয়ের বিশেষ নিয়মাবলী:
১. একজন যাত্রী সর্বোচ্চ একবারের প্রচেষ্টায় চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।
২. অগ্রিম কেনা এই টিকিটগুলো কোনোভাবেই রিফান্ড বা ফেরত নেওয়া হবে না।
৩. সাধারণ যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ (SOT) হিসেবে যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
সম্প্রতি রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় ঈদযাত্রার এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে যাত্রীদের বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল পোর্টাল বা অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/আরআই




Comments