Image description

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১২টি গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে এসব গ্রামের বাসিন্দারা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় ও আনন্দ উৎসবে মেতেছেন।

আজ সকাল ৮টায় বোয়ালমারী উপজেলার মাইটকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৮টায় মাইটকুমড়া জামে মসজিদ মাঠে দ্বিতীয় জামাত সম্পন্ন হয়। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সহস্রাইল বাজার এবং আলফাডাঙ্গা উপজেলার রাখালতলী বাজারেও বড় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

এসব গ্রামের পরিবারগুলোতে এখন বইছে ঈদের আমেজ। ঘরে ঘরে সেমাই-পায়েসসহ বিশেষ খাবার তৈরি করা হয়েছে এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন মুসল্লিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রামের মির্জারখীল দরবার শরিফের মাওলানা শামসুল আরেফিনের অনুসারীরা দীর্ঘ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা শুরু করেন এবং একই নিয়মে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ তারা ধর্মীয় এই উৎসব পালন করছেন।

মানবকণ্ঠ/ডিআর