Image description

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচের টানেলে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

এবারের ঈদ জামাতের একটি বিশেষ দিক ছিল নারীদের অংশগ্রহণ। জাতীয় সংসদ ভবনের টানেলে এবারই প্রথমবারের মতো নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ অনেক নারী মুসল্লি এই জামাতে অংশ নেন।

স্পিকারের বিশেষ নির্দেশনায় এবং বর্তমান বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে মুসল্লিদের সুবিধার্থে টানেলের নিচে এই জামাতের আয়োজন করা হয়। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছিল। নামাজ শেষে মুসল্লিদের মিষ্টিমুখ করাতে খেজুর পরিবেশন করা হয়।

জামাত শেষে মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ। মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

নামাজ ও মোনাজাত শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মুসল্লিরাও একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

মানবকণ্ঠ/ডিআর