যুক্তরাষ্ট্রের মুদ্রার ইতিহাসে এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ১৬৫ বছরের পুরনো ঐতিহ্য ভেঙে এবার ডলারের নোটে দেখা যাবে খোদ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। রয়টার্সের বরাতে বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ঐতিহ্যগতভাবে মার্কিন ডলারের নোটে সে দেশের অর্থমন্ত্রী এবং ট্রেজারারের স্বাক্ষর থাকে। মুদ্রায় সাবেক প্রেসিডেন্টদের প্রতিকৃতি থাকলেও কখনোই কোনো জীবিত বা মৃত প্রেসিডেন্টের স্বাক্ষর ব্যবহারের প্রচলন ছিল না। ১৮৬১ সাল থেকে চলে আসা এই দীর্ঘ রীতি এবার ডনাল্ড ট্রাম্পের হাত ধরে বদলে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির স্বাধীনতা ঘোষণার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই নোটে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের স্বাক্ষর থাকবে। আগামী জুন মাসে প্রাথমিকভাবে ১০০ ডলারের নোট ছাপা শুরু হবে এবং ধাপে ধাপে অন্য নোটগুলোতেও এই পরিবর্তন আনা হবে। নোটগুলো বাজারে আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
এই সিদ্ধান্তের প্রশংসা করে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, "প্রেসিডেন্ট ডনাল্ড জে ট্রাম্পের ঐতিহাসিক অর্জনকে স্বীকৃতি দিতে ডলারের বিলে তার স্বাক্ষরের চেয়ে শক্তিশালী আর কিছু হতে পারে না।" তবে এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কটাক্ষ করে বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির জন্য কাকে দায়ী করতে হবে, তা এখন মার্কিনিরা নোট দেখলেই পরিষ্কার বুঝতে পারবে।"
যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী, মুদ্রায় জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি বা প্রতিকৃতি ব্যবহার করা নিষিদ্ধ। তবে স্বাক্ষরের বিষয়ে আইনে কোনো সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা নেই। সমালোচকরা বলছেন, আইনের এই ফাঁকফোকর ব্যবহার করেই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে, যা সাধারণত স্বৈরশাসক বা রাজতন্ত্রে দেখা যায়।
উল্লেখ্য, ডনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও যুদ্ধজাহাজের নামে নিজের স্থান করে নিচ্ছেন। এমনকি আমেরিকার জন্মের ২৫০ বছর উদ্যাপন উপলক্ষে তার ছবি সম্বলিত ২৪ ক্যারেটের স্বর্ণের স্মারক মুদ্রারও অনুমোদন দিয়েছে একটি ফেডারেল কমিশন। এর আগে তার প্রথম মেয়াদে করোনা মহামারীর সময় দেওয়া সহায়তার চেকেও তার নাম ব্যবহার করা হয়েছিল।
মানবকণ্ঠ/আরআই




Comments