Image description

টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু ও দুই নারীসহ একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় চালক বাসটি ধলাটেংগর এলাকায় মহাসড়কের পাশে থামিয়ে রাখেন। এ সময় বাসের কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু রেললাইনের ওপর গিয়ে বসেন। অসাবধানতাবশত রেললাইনে বসে থাকার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন ছিন্নভিন্ন হয়ে প্রাণ হারান।
টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মানবকণ্ঠ/ডিআর