Image description

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রফিকুল ইসলামকে সরকারী কাজে বাধা প্রদানের দায়ে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম‌্যমান আদালত। 

শনিবার (২৮ মার্চ) ভোরে তাকে কারাদন্ড প্রদান করেন পাটগ্রামের ইউএনও তানভীর হোসেন।

পুলিশ জানান, ওই উপজেলার বুড়িমারী ইউনিয়নের করলাটারী এলাকা থেকে অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালান ভ্রাম‌্যমান আদালত। এ সময় সরকারী কাজে বাধা দেয় বুড়িমারী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রফিকুল ইসলাম। 

অভিযোগ রয়েছে, ওই গ্রাম পুলিশ রফিকুল ইসলাম বালু উত্তোলনের সাথে জড়িত। পরে তাকে আটক করে ভ্রাম‌্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম‌্যমান আদালতের বিচারক ও পাটগ্রামের ইউএনও তানভীর হোসেন সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। রফিকুল ইসলাম উফারমারা এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত গ্রাম পুলিশ রফিকুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে।