ঝালকাঠিতে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আর্থিক অনটন ও মানসিক হতাশায় ভুগে নিজের দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বিষপান করেছেন রাকিব তালুকদার নামের এক ব্যক্তি। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে যুক্ত হয়ে তিনি এই চরম সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব তালুকদার দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকট ও পারিবারিক হতাশায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে সবার সামনে দুই ছেলেকে বিষ খাইয়ে নিজে ও বিষপান করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হলে প্রতিবেশীরা দ্রুত তার ঘরে গিয়ে তিনজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি জানান, বিষক্রিয়ায় তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। ঝালকাঠিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে তিনি এই কাজ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments