ইরান যুদ্ধের কারণে ভারতজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতির ফায়দা লুটে নিতে মজুতদারি করছেন অনেক অসাধু ব্যবসায়ী। তেমনই একটি গ্রুপকে ধরে ফেলেছে ভারতের হায়দরাবাদের পুলিশ।
হায়দরাবাদ শহরের একটি কবরস্থান থেকে লুকিয়ে রাখা ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত। দেশটির প্রায় ৬০ শতাংশ চাহিদা পূরণ হয় বিদেশ থেকে আমদানির মাধ্যমে, যার বেশিরভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে।
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে শুরু যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত। এতে ভারতে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে এলপিজি সিলিন্ডার মজুত ঠেকাতে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা বলেন, ‘শুধু গতকালই প্রায় ২ হাজার ৬০০টি অভিযান চালানো হয়েছে এবং প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি হায়দরাবাদের একটি কবরস্থানের ভেতরের একটি জায়গা থেকে প্রায় ৪০০টি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। সেখানে ১০ জনকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’




Comments