Image description

কুমিল্লায় ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর ঘটনায় জেলার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১ এপ্রিল) দুপুরে দুই সাংবাদিকদের হাতকড়া পরিয়ে থানায় পাঠানো ঘটনা ঘটেছে।

ভুক্তভোগি দুই সাংবাদিক হলেন, দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপলের দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলিম।

সাংবাদিক আব্দুল আলিম বলেন, তার খালাতো বোনের নামজারি নিয়ে এক বছর ধরে ঘোরাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। বুধবার ওই নামজারির শুনানির দিন ছিল। তাকে তিন দিন আগে তার খালাতো বোন ফোন করে উপস্থিত থাকতে বলেন। তিনি মানবজমিনের প্রতিনিধি রাসেলকে নিয়ে বেলা ১১টার দিকে ভূমি অফিসে যান।

দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জিজ্ঞেস করেন শুনানিটা আজ হবে কিনা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) উত্তেজিত হয়ে খারাপ আচরণ শুরু করেন। পকেট থেকে মোবাইল ফোন বের করে তার খারাপ আচরণের ভিডিও ধারণ করেন রাসেল। এ সময় তার কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে বাধা দেন তিনি।

এতে সহকারী কমিশনার (ভূমি) ক্ষিপ্ত হয়ে পুলিশকে ফোন করেন। তার আদেশে তাকে এবং সাংবাদিক রাসেল সরকারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় নেওয়ার পর তার কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে সব ছবি এবং ভিডিও ডিলিট করে দেন। পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবেন না মর্মে জোর করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।

এ ঘটনার ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফুসে ওঠে কুমিল্লার সাংবাদিক মহল।