রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের জোন কমান্ডার (ঢাকা দক্ষিণ) ফয়সালুর রহমান অগ্নিকাণ্ড ও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার বেলা পৌনে একটার দিকে কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা বউ বাজার এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় এক নারীসহ আরও তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এছাড়া নাঈম নামে এক কিশোর শ্রমিকসহ অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা।
ফায়ার সার্ভিস জানায়, টিনশেড কারখানাটিতে আগুনের খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট এবং পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়ায় পর্যায়ক্রমে মোট সাতটি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ভেতরে তল্লাশি চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে গ্যাসলাইটার তৈরি করা হচ্ছিল। আগুনের পরপরই কারখানার ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হতে শুরু করলে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এতে আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে প্রায় দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এমনকি এর আগেও এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ঠিক কী কারণে আজ আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments