বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে মোমেনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা খাতুন ওই গ্রামের বাবু সরকারের স্ত্রী।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোমেনা খাতুনের পরিবারের সঙ্গে তাঁর ননদ তানজিলার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। নিহতের মেয়ে শেফালী অভিযোগ করেন, তাঁর মায়ের ৫ শতক বসতভিটা এবং তাঁর নিজের ৪ শতক জমি দখলের চেষ্টা আসছিল তানজিলা ও তাঁর পরিবার। এর ধারাবাহিকতায় রবিবার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে মারামারি শুরু হয়। তখন বৃদ্ধা মোমেনা খাতুন মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে ননদ তানজিলা, ভাগ্নে জেলাল ও জেলালের স্ত্রী স্বপ্না তাঁকে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments