Image description

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের চার দিন পর খোকন (২২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের একটি বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খোকন ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন খোকন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় গত শনিবার রাতে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

পরবর্তীতে রোববার রাতে স্থানীয় লোকজন চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমানের বাড়ির পাশে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোকনের মরদেহ শনাক্ত করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয়দের ধারণা, পার্শ্ববর্তী আজাদ মিয়ার জমিতে খোকনকে হত্যা করার পর দুর্বৃত্তরা মরদেহ টেনে এনে মাহবুবুর রহমানের বাড়ির পাশে ফেলে রেখে গেছে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, নিখোঁজের রাতেই তাকে হত্যা করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।

মানবকণ্ঠ/ডিআর