Image description

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ঢিবির ওপর চাকা উঠে ভ্যান উল্টে যাওয়ার পর দ্রুতগতির ট্রাকচাপায় বাবলু মিয়া (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঘোড়াঘাট পৌর শহরের নিতাইশা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় হারুনুর রশিদ (৪২) নামে ভ্যানের এক যাত্রী আহত হয়েছেন।

আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে যাত্রীসহ গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাটের ওসমানপুর বাজারে আসেন বাবলু মিয়া। কাজ শেষে ফেরার পথে নিতাইশা মোড়ে মহাসড়কের ওপর থাকা একটি উঁচু ঢিবির ওপর ভ্যানের সামনের চাকা উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে চালক বাবলু মিয়া সড়কের ডান পাশে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর