Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ‘মেসার্স টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও আতঙ্কের সুযোগ নিয়ে ওই পাম্প থেকে তেল সরবরাহের সময় পরিমাপে কম দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা যাচাই করতে ঝটিকা অভিযান চালানো হলে কারচুপির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে পেট্রোলিয়াম আইনে পাম্প মালিক জাকির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, বর্তমানে তেলের সংকটের আশঙ্কায় সাধারণ মানুষ পেট্রোল, অকটেন ও ডিজেল নিতে পাম্পে ভিড় করছে। এই সুযোগ কাজে লাগিয়ে পাম্প মালিক পরিমাপে কারচুপি করছিলেন। জনস্বার্থে তেলের দাম বৃদ্ধি ও ওজনে কারচুপির বিরুদ্ধে প্রশাসনের এই তদারকি এবং কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর