Image description

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু ও বিষু’ উপলক্ষে রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য বিজু মেলা। সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

মেলার উদ্বোধন উপলক্ষে বিকেলে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শত শত মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মেলা প্রাঙ্গণে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশিত হচ্ছে। স্টলগুলোতে স্থান পেয়েছে পাহাড়িদের নিজস্ব হস্তশিল্প, কোমর তাঁতের কাপড়, বাঁশ ও বেতের তৈরি নান্দনিক পণ্য এবং পাহাড়ি ঘরানার বিভিন্ন খাবার। এছাড়া উৎসবের অংশ হিসেবে মেলা প্রাঙ্গণে পাহাড়ের জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলাধুলারও বিশেষ আয়োজন থাকছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

পাহাড়ি সংস্কৃতির এই মিলনমেলা আগামী ১০ এপ্রিল শুক্রবার পর্যন্ত চলবে। মেলার বৈচিত্র্যময় আয়োজন উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপুল সংখ্যক পর্যটক ভিড় জমাচ্ছেন।

মানবকণ্ঠ/ডিআর