Image description

বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষ সারিতে উঠে এসেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।

এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর রেকর্ড করা হয়েছে ১৪২। এই মানটি বিশেষ করে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত রোগীদের মতো 'সংবেদনশীল গোষ্ঠীর' জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের তালিকায় ১৮০ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৬০ স্কোর নিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয় রয়েছে দ্বিতীয় অবস্থানে।

বায়ুমানের সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, দীর্ঘস্থায়ী বায়ুদূষণের কারণে ঢাকার বাসিন্দাদের মধ্যে ফুসফুসের রোগ, অ্যালার্জি ও অ্যাজমার মতো সমস্যা বেড়েই চলেছে। জনস্বাস্থ্য রক্ষায় বায়ুর মান উন্নয়নে জরুরি কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মানবকণ্ঠ/ডিআর