Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘ডেডলাইন’ বা সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে এক অভিনব প্রতিবাদ ও সুরক্ষামূলক কর্মসূচি ঘোষণা করেছে ইরান। দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলো রক্ষায় তরুণদের নিয়ে ‘মানবশৃঙ্খল’ বা ‘মানব বলয়’ গড়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় দেশের তরুণ সমাজ—বিশেষ করে শিক্ষার্থী, খেলোয়াড় এবং শিল্পীদের মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টা থেকে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছে।

এই কর্মসূচিটি এমন এক সময়ে পালিত হচ্ছে যখন হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ট্রাম্পের নির্ধারিত সময়সীমা বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) শেষ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা আগেই এই ‘মানব বলয়’ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

ইরানের যুববিষয়ক উপমন্ত্রী আলিরেজা রাহিমি এক ভিডিও বার্তায় জানান, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে— ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইরানের তরুণদের মানবশৃঙ্খল’। তিনি দাবি করেন, এই ধারণাটি মূলত তরুণদের পক্ষ থেকেই এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন যুব সংগঠন প্রস্তাব দিয়েছিল যে, দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে একটি ‘মানবশৃঙ্খল’ তৈরি করা হোক যাতে সম্ভাব্য যে কোনো হামলা মোকাবিলায় তারা ঢাল হিসেবে কাজ করতে পারে।

রাহিমি আরও বলেন, ‘সারা দেশের তরুণদের অংশগ্রহণে এই মানবশৃঙ্খল গড়ে উঠবে এবং এটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় ইরানি তরুণদের অদম্য অঙ্গীকারের প্রতীক হিসেবে কাজ করবে।’

উল্লেখ্য, হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকির পাল্টা জবাব হিসেবেই ইরান এই কৌশলগত পদক্ষেপ নিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মানবকণ্ঠ/ডিআর