নিজস্ব মেসেজিং অ্যাপ ‘স্যামসাং মেসেজেস’ পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। চলতি বছরের জুলাই মাস থেকে অ্যাপটি আর ব্যবহার করা যাবে না বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ‘এন্ড অব সার্ভিস’ বিজ্ঞপ্তিতে ব্যবহারকারীদের দ্রুত ‘গুগল মেসেজেস’ অ্যাপে স্থানান্তরিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন থেকে এটিই স্যামসাং ডিভাইসের ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে কাজ করবে।
কোম্পানিটি জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) সুবিধা পাবেন। এর মাধ্যমে উচ্চমানের ছবি ও ভিডিও আদান-প্রদান, গ্রুপ চ্যাট এবং রিয়েল-টাইম টাইপিং ইন্ডিকেটরের মতো সব আধুনিক ফিচার ব্যবহার করা যাবে। এছাড়া গুগল মেসেজেসে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘গুগল জেমিনি’ ফিচারের মাধ্যমে চ্যাটে ছবি সম্পাদনা ও উন্নত অভিজ্ঞতা পাওয়ার সুযোগ থাকছে। স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্টওয়াচে সহজেই একই চ্যাট চালিয়ে যাওয়ার সুবিধাও মিলবে এই অ্যাপে।
বেশ কয়েক বছর ধরেই স্যামসাং তাদের নতুন ডিভাইসগুলোতে নিজস্ব মেসেজিং অ্যাপের পরিবর্তে গুগল মেসেজেসকে ডিফল্ট হিসেবে যুক্ত করছে। বিশেষ করে গ্যালাক্সি জেড ফোল্ড ও ফ্লিপ সিরিজসহ সর্বশেষ মডেলগুলোতে এই পরিবর্তন এরই মধ্যে দেখা গেছে। বর্তমানে অ্যাপটি গ্যালাক্সি স্টোরে পাওয়া গেলেও জুলাইয়ের পর এর সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
মানবকণ্ঠ/ডিআর




Comments