Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক শোকবার্তায় রাফিয়া সুলতানার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। শোকবার্তায় বলা হয়, রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) ছিলেন একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধা। তাঁর এই অকাল প্রয়াণ দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। এনসিপির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০১৯ সালে অনুষ্ঠিত রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে তিনি ভিপি (সহ-সভাপতি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যা তাঁর নেতৃত্বগুণ ও রাজনৈতিক দৃঢ়তার প্রতিফলন হিসেবে দেখা হয়। তাঁর অকাল মৃত্যুতে সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা ও বগুড়া জেলা এনসিপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/আরআই