গাইবান্ধার পলাশবাড়ীতে ফিলিং স্টেশনে পেট্রোল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে মোটরসাইকেল চালকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে অন্তত তিন যুবক গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলা শহরের বাশকাটা এলাকায় অবস্থিত ‘মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে’ এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেট্রোল সংকটের কারণে বুধবার দিবাগত রাত থেকেই পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন চালকরা। বৃহস্পতিবার সকাল ৯টায় তেল বিক্রি শুরু হলে পরিবেশ কিছুটা শান্ত থাকলেও দুপুর সাড়ে ১২টার দিকে উত্তেজনা দেখা দেয়। কয়েকজন যুবক সিরিয়াল না মেনে আগে তেল নিতে চাইলে লাইনে থাকা অন্যদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ যুবক রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) এবিএম রশীদুল বারী বলেন, “তেলের সিরিয়াল নিয়ে ঝামেলার জেরে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছি। বর্তমানে পাম্পের পরিবেশ শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments