নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর কিলঘুষিতে আবদুল লতিফ (৬৬) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বরপা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দোকানি জসিমকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুল লতিফ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দক্ষিণ পোড়াগাও এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি রূপগঞ্জের বরপা এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। অন্যদিকে, আটককৃত জসিম মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার আদা বাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় একটি টায়ার মেরামতকারী দোকানের সামনে অটোরিকশাটি রেখে প্রস্রাব করতে যান চালক আব্দুল লতিফ। ফিরে আসার পর দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে মালিক জসিমের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জসিম উত্তেজিত হয়ে বৃদ্ধ চালককে লক্ষ্য করে উপর্যুপরি কিলঘুষি মারতে শুরু করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দোকানি জসিমকে আটক করে এবং পরে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments